কাকা- ভাস্তার জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল বুধবার। ঘটনায় আহত হয়েছে দু পক্ষের মোট ১০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রামপঞ্চায়েতের মিঠাপুর গ্রামে। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের সকলকে প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনকে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাস্তা সহিদুল দীর্ঘদিন ধরে এলাকার ৪৩ শতক খাস জমি দখল করেছিল। এদিন বেলা দশটা নাগাদ সহিদুলের কাকা ইলিয়াস দলবল নিয়ে এসে সহিদুল ও তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় বাদ যায়নি মহিলারাও। দুপক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুজন মহিলাসহ দুপক্ষের ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় ইলিয়াসের এক আত্মীয়কে আটক করে চোপড়া থানার পুলিশ।
উত্তরদিনাজপুর